সোমবার, ০২ মার্চ ২০২৬

৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল সরকার

দেশ ভয়েস ডেস্ক
  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম

দেশের ছয়টি সিটি কর্পোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ২৫ক ধারার ক্ষমতাবলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু এবং সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য মো. শওকত হোসেন সরকারের নাম ঘোষণা করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত এই ব্যক্তিরা নতুন কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে প্রশাসকদের নাম ও বর্তমান ঠিকানার পাশাপাশি তাদের পিতা-মাতার নামও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com