দেশের প্রবাসী আয়ে বইছে দারুণ সুবাতাস। চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনেই ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৫৮ কোটি ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ২২১ কোটি ৭০ লাখ ডলার। পরবর্তী পাঁচ দিনে আরও ৩৬ কোটি ১০ লাখ ডলার যুক্ত হয়ে মোট অঙ্কটি ২৫৭ কোটি ৮০ লাখ ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার, অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয় প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি। এর আগে গত মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা ছিল নির্দিষ্ট কোনো অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বর্তমান প্রবণতা বজায় থাকলে এই অর্থবছর শেষেও নতুন রেকর্ডের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।