ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৫টারদিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার সাতগাঁও চৌমোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে চালক গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত পিকআপ চালক লোকমান মিয়া শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার শাহ আলমের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পিকআপ চালক লোকমান মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোলায়মান আকঞ্জি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। হাইড্রোলিক স্প্রেডারের সাহায্যে পিকআপ ভ্যানের ভেতর থেকে চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পিকআপ চালকের মরহেদ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ ভ্যান জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।