বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ফের চালু হচ্ছে ডিভি লটারি

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ pm
  • ৫ Time View

দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) লটারি। ট্রাম্প প্রশাসনের ডিভি লটারি বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলায় গত সোমবার (১৯ অক্টোবর) দেশটির একটি ফেডারেল আদালত এ কর্মসূচি পুনরায় চালুর পক্ষে রায় দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সাময়িকী ফোর্বস।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে ডিভি লটারির বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন গ্রহণের জন্য নির্ধারিত পোর্টাল চালুর তারিখ ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন কার্যক্রম অন্তত ৩০ দিন চালু রাখার কথা রয়েছে। এ ছাড়া ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত আবেদনকারীদের বিষয়ে নোটিশ দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

এবারের ডিভি লটারিতে বাংলাদেশ অংশ নিতে পারবে কিনা, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৯ অক্টোবর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০ হাজারের বেশি বাংলাদেশি অভিবাসী যাওয়ায় দেশটি ডিভি কর্মসূচির জন্য অযোগ্য হয়ে পড়ে। মূলত যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে তুলনামূলক কমসংখ্যক অভিবাসী যান, সেসব দেশের নাগরিকদের অভিবাসনের সুযোগ বাড়াতেই এ কর্মসূচি চালু করা হয়েছে।

আবেদনের আগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

আদালতের রায়ে আবেদনকারীদের যোগ্যতার শর্ত, সঠিক ওয়েবসাইটের ঠিকানা এবং আবেদনপদ্ধতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি, ডিভি লটারিতে নির্বাচিত করে দেওয়ার নিশ্চয়তা কিংবা অর্থের বিনিময়ে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ডিভি লটারির আবেদন সম্পূর্ণ বিনামূল্যে যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত অফিসিয়াল পোর্টালের মাধ্যমে করতে হয়। তাই আবেদন করার আগে সরকারি নির্দেশনা যাচাই করা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com