মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঢাকার কিছু এলাকাসহ ৮ জেলায় বিদ্যুৎ এসেছে

দেশ ভয়েস ডেস্ক
  • মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১১:৪৬ পিএম

বিদ্যুতের পূর্বাঞ্চলীয় গ্রিড ফেইল করায় সিলেট প্রায় সাড়ে ৫ ঘন্টা বিদ্যুৎহীন ছিলো। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে এই বিপর্যয় ঘটে। সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে ফের সচল হয় সিলেটে বিদ্যুৎ সরবরাহ। এদিকে, রাত ৮টায় সুনামগঞ্জ জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম এই তথ্য নিশ্চিত করে জানান, এই গ্রিডের আওতায় সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হঠাৎ করে বিপর্যয় ঘটলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সিলেটের জীবনযাত্রায় অচলাবস্থা দেখা দেয়। বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন মানুষ। পানি সংকট এবং মোবাইল পরিষেবা বিঘ্নিত হয়। সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাধারণ মানুষ।

এছাড়াও ঢাকা ও আশপাশের অঞ্চলে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়। এরমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর এবং মানিকগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। একই সাথে অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বারিধারা, মিরপুরসহ রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ আসার তথ্য পাওয়া গেছে। এছাড়া মোহাম্মদপুর এলাকায় বিদ্যুৎ এলেও মিনিট তিনেক পরই আবারও চলে যায় বলে খবর পাওয়া গেছে।

এতে বলা হয়েছে, ঢাকা ও আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে। ইতোমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে এবং ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজার ও জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদোজা খান জানান, জাতীয় গ্রিডের বিপর্যয়ের বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই। শুরুর দিকে বিষয়টিকে লোডশেডিং ভাবা হলেও পরে বোঝা যায় আসলে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে ট্রিপ বা বিপর্যয়ের কারণে দেশের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজার ও জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদোজা খান দুপুরে জানান, দুপুর ২টার দিকে পাওয়ার শাটডাউন হয়েছে। পাওয়ারের পুনরুদ্ধারের কাজ চলছে। কতক্ষণ লাগবে, কী কারণে হয়েছে- তা এখনও বলতে পারছি না।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com