বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

হৃদরোগ চিকিৎসায় দেশের বাইরে যেতে হয় না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৯:১১ pm
  • ৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হৃদরোগের সব চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ এখন হৃদরোগের চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ। এ রোগের চিকিৎসায় এখন আর দেশের বাইরে যেতে হয় না। শতকরা ৯৫ ভাগ চিকিৎসা দেশেই হচ্ছে।

শুক্রবার (২৪ ফেব্রæয়ারি) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন এবং ইন্টারভেনশনাল একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ৩য় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি।

প্রতি হাজারে ১০ জন শিশু হৃদরোগে ভুগছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দেশে মোট মৃত্যুর ২৭ ভাগ হৃদরোগে হয়ে থাকে। এর জন্য দায়ী হলো আমাদের খাদ্যাভ্যাস ঠিক না থাকা, ধূমপান করা ও কায়িক শ্রম না করা। আমাদের শুধু হৃদরোগ চিকিৎসা নয়, আমাদের প্রতিরোধেও নজর দিতে হবে।

শেখ হাসিনা বলেন, যেসব রোগের চিকিৎসা দেশের বাইরে করতে হতো, সেগুলো এখন দেশেই হচ্ছে। কিডনি, লিভার, বোনম্যারোসহ জটিল সব চিকিৎসা দেশেই হচ্ছে। আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গত ১৪ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সারা দেশে ৬০০টি হাসপাতাল, হৃদরোগ, বক্ষব্যাধি হাসপাতাল হয়েছে। গ্রামীণ স্বাস্থ্যসেবায় আমরা ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছি, সেগুলোতে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের চিকিৎসা ব্যবস্থার ভিত্তিস্থাপন করেন। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।

বর্তমানে সারা দেশে ১১৫টি মেডিকেল কলেজ আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করব। প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, ইতোমধ্যে ৪টি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ সম্পন্ন হয়েছে। শিশু কার্ডিয়াক সেবা বাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিয়াক বিভাগ স্থাপন হয়েছে।

বাংলাদেশ কার্ডিও ভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, এমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com