বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ভোটের দিন মোটরসাইকেল নিয়ে ইসির নতুন নির্দেশনা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১১ pm
  • ৪ Time View

ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা। এমন কথা বলেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এ কথা বলেন তিনি। এই বক্তব্যের মাধ্যমে আগের অবস্থান থেকে সরে এসেছে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিকরা নির্বাচনী এলাকায় সংবাদ সংগ্রহের জন্য ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

অশোক কুমার বলেন, সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার নিয়ে নীতিমালা সংশোধন করা হয়েছে।

এর আগে, ভোটের দিন সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করার বিষয়ে গত ১২ এপ্রিল নীতিমালা জারি করে নির্বাচন কমিশন। এতে বলা হয়, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার দেয়া হবে। তবে মোটরসাইকেল ব্যবহার করা যাবে না।

নীতিমালায় আরও বলা হয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারকে অবহিত করে ভোট কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনোক্রমেই গোপন কক্ষের ভেতরের ছবি ধারণ করতে পারবেন না। একইসঙ্গে দুইয়ের বেশি মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না এবং ১০ মিনিটের বেশি ভোটকক্ষে অবস্থান করতে পারবেন না।

এ ছাড়া সাংবাদিকরা ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, ভোটকক্ষের ভেতর থেকে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না। সেসময় সবমিলিয়ে সাংবাদিকদের জন্য মোট ১৩টি নির্দেশনা দেয় ইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com