শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

এক্সপ্রেসওয়েতে ৬ কোটি ৭৭ লাখ টাকা টোল আদায়

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ১১:৫৫ pm
  • ৮ Time View

চালু হওয়ার পর প্রথম এক মাসে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় হয়েছে ৬ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকা। এ সময় এটির ওপর দিয়ে মোট ৮ লাখ ৩৬ হাজার ৫৫৮টি যানবাহন চলাচল করেছে। আদায় করা টোলের ৯৯ শতাংশই ছিলো প্রাইভেটকার থেকে। সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) এ তথ্য জানিয়েছে।

এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার জানান, কাওলা থেকে কুতুবখালি পর্যন্ত পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে যানবাহন চলাচলের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো তা পূরণ হবে। তখন ৮০ হাজারের বেশি যানবাহন প্রতিদিন এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে চলাচল করবে। এখন যেভাবে যানবাহন চলছে তাতে লক্ষ্যমাত্রা আশাব্যঞ্জক।

সূত্র জানায়, রাজধানীর যানজট দূর করতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। কিন্তু প্রথম অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলেও বেসরকারী গণপরিবহণ এটি ব্যবহার করছে না। কারণ এক্সপ্রেসওয়ের ওপরে যাত্রী ওঠানোনামানোর কোনো ব্যবস্থা নেই। ফলে তারা যাত্রী সংকটে পড়তে পারে। তাই নিচের সড়ক ব্যবহার করেই বেসরকারী গণপরিবহণ চলাচল করছে।

এই প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী প্রতিদিন সাড়ে ১৩ হাজারের কম যানবাহন চলাচল করলে সরকার ক্ষতিপূরণ দেবে। আর এ বিধান কার্যকর হওয়ার কথা ২০২৪ সালের ১ জুন থেকে- যে সময় কাওলা থেকে কুতুবখালি পর্যন্ত পুরো প্রকল্প চালু হবে। কিন্তু আগেই প্রথমাংশ উদ্বোধনের পর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালুর পর প্রতিদিন ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করলে যে রাজস্ব আদায় হবে সেখান থেকে ২৫ শতাংশ পাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আর সেতু কর্তৃপক্ষ তাদের আয় থেকে ১০ শতাংশ রেলওয়েকে দেবে।

প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) বাস চলাচল চালু করে। শুরুর দিনে ৮টি বাস চলাচল করে সংস্থাটি আয় করে ৬৮ হাজার টাকা। তবে দ্বিতীয় দিন দ্বিগুণ হয়ে সংস্থাটি আয় করে ১ লাখ ৫৬ হাজার টাকা। এরপর থেকে ক্রমান্বয়ে বিআরটিসি বাসের সংখ্যা বাড়িয়েছে। তাদের আয়ও বেড়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের শুধু প্রথমাংশ উদ্বোধন হওয়ায় এখনো মহাখালী ও বনানীতে ওঠার দুইটি র‌্যাম্প চালু হয়নি। এ দুটির কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com