মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ভারত থেকে পেঁয়াজ-চিনি আমদানি নিয়ে আলোচনা

দেশ ভয়েস ডেস্ক
  • শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৭ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, রমজানের আগে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি আমদানির বিষয়ে সেদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রæয়ারি) দুপুরে ভারতের রাজ্যসভার লিডার অভ দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকের ব্যাপারে হাছান মাহমুদ বলেন, ভারত থেকে যে পণ্যগুলো আমদানি করি সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি যাতে আমরা আমদানি করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। অন্যান্য বিষয়েও আমরা আলোচনা করেছি।

হাছান মাহমুদ বৈঠকে বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহার এবং বিশেষ করে রমজান মাসে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য পীযুষ গয়ালকে অনুরোধ করেন।

তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, সংযোগ, বিদ্যুৎ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, পানি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com