বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আলুর হিমাগারে ২১ লাখ ডিম, ২৪ টন মিষ্টি!

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪, ১২:৪২ am
  • ২ Time View

কুমিল্লায় একটি আলুর হিমাগারে ২১ লাখ পিস ডিম ও ২৪ টন মিষ্টির অবৈধ মজুত পাওয়া গেছে। খবর পেয়ে ওই হিমাগারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় হিমাগার কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৭ মে) বিকালে জেলার লালমাই বরল-বাগমারা এলাকায় অবস্থিত মেঘনা কোল্ড স্টোরেজ নামের হিমাগারে এ অভিযান চালানো হয়।

শুক্রবার (১৮ মে)এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় সেখানে অবৈধভাবে ২১ লাখ পিস ডিম এবং ৮০০ ড্রাম মিষ্টি ও শিরা মজুত করে রাখা হয়েছে। মিষ্টির আনুমানিক ওজন প্রায় ২৪ হাজার কেজি।

আছাদুল ইসলাম বলেন, একটি আলুর হিমাগারে এমন বিপুল পরিমাণে ডিম ও মিষ্টি মজুত করার বিষয়ে কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেননি। এছাড়া হিমাগার পরিচালনায় কৃষি বিপণন অধিদপ্তর থেকে কৃষিপণ্য মজুতের লাইসেন্স প্রয়োজন হলেও কর্তৃপক্ষ সেটি দেখাতে ব্যর্থ হয়। ফলে লাইসেন্স না নিয়ে হিমাগার পরিচালনা এবং অবৈধভাবে বিপুল পরিমাণে ডিম ও মিষ্টি মজুত করায় কর্তৃপক্ষকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কৃষি বিপণন আইন ২০১৮ এর দুটি ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ৪৮ ঘণ্টার মধ্যে এসব পণ্য বাজারজাত করতে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়।

এছাড়া, কৃষি বিপণন কর্মকর্তাকে মনিটরিং করে বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। একই সময়ে আলুর কোল্ড স্টোরেজে অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি সংরক্ষণ করায় বিষয়টি ভোক্তা অধিকারবিরোধী কাজ হিসাবে আমলে নিয়ে চার মিষ্টি ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com