বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এবার ঢাকায় মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১০:০৮ pm
  • ৪ Time View

এবার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করলো দেশটির দূতাবাস। এর আগে বিএনপির গণসমাবেশ ঘিরে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে যুক্তরাজ্য।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্ক বার্তা দেয়া হয়।

মার্কিন দূতাবাসের সতর্ক বার্তায় বলা হয়েছে- ২০২৪ সালের জানুয়ারির আগে বা এ সময়ের মধ্যে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন ঘিরে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমেই বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বনের কথা উল্লেখ করে ওই বার্তায় বলেছে- বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল ১০ ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে। মনে রাখতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। ফলে বিক্ষোভ ও কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করুন।

ব্যক্তিগত নিরাপত্তা পর্যালোচনা করে স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থানরত মার্কিন দূতাবাস। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।

একই বিষয়ে মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই সতর্কবার্তায় বলা হয়- ঢাকায় রাজনৈতিক সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গণপরিবহণ, যোগাযোগ ব্যবস্থা ও শহরে চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। সমাবেশের আগে ও পরে কয়েক দিন ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি হতে পারে। তাই আপনাদের রাজনৈতিক সমাবেশ ও বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com