বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

চা শ্রমিকদের ঘর করে দেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৫ pm
  • ৩ Time View

চা শ্রমিকদের ঘর করে দেয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চা শ্রমিকরা ভালোভাবে বাঁচলে এই শিল্প বাঁচবে। এই শিল্প যাতে ধ্বংস না হয় সেই আহ্বানও জানান তিনি।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চার জেলার চা শ্রমিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনলেন তাদের সব দাবি-দাওয়া।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

পাত্রখোলা চা বাগানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধরা।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে টানা ২০ দিন কর্মবিরতি পালন করেন চা-শ্রমিকরা। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১৭০ টাকা মজুরিতে কাজে ফেরেন তারা।

দৈনিক মজুরি বাড়ানোর দাবিতে গত ৯ আগস্ট থেকে আন্দোলন করে আসছিলেন দেশের ২৪১টি চা বাগানের সোয়া লাখ শ্রমিক। প্রথম চারদিন শ্রমিকরা প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এরপর ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন তারা।

এরপর ২৭ আগস্ট গণভবনে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর নতুন মজুরির ঘোষণা আসে। এরপর শ্রমিকরা নিজ নিজ বাগানে কাজে ফেরেন।

তবে আন্দোলনের শুরু থেকেই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। তার পরিপ্রেক্ষিতে আজ এ ভার্চুয়াল মতবিনিময়ের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com