সোমবার, ০৬ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ের চার ছাত্রী সিলেটে উদ্ধার

সিলেট প্রতিনিধি
  • বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে নিখোঁজ হওয়া চার ছাত্রীকে সিলেটের বাস কাউন্টার থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর সিলেট থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সিলেটের একটি বাস কাউন্টার থেকে পুলিশ তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, প্রলোভন দেখিয়ে একটি পাচারকারী চক্র তাদের ভারতে পাচারের পরিকল্পনা করছিল। মানব পাচারকারী চক্রের জড়িত থাকার সন্দেহে তদন্ত চলছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ওই চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও তারা ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে সন্ধান চালানো হয়। কোথাও তাদের হদিস না পেয়ে শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে সচিত্র সিলেটকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ ছাত্রীদের অবস্থান শনাক্ত করা হয়। উদ্ধারকালে তারা সিলেটের একটি কাউন্টারে গোয়াইনঘাট যাওয়ার বাসের জন্য অপেক্ষা করছিল।

তিনি আরও জানান, পুলিশ প্রাথমিক ধারণা করছে, কোনো মানব পাচারকারী চক্র ছাত্রীদের প্রলোভন দেখিয়ে সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর চেষ্টা করছিল। এই ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা বের করতে পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে। উদ্ধারকৃত ছাত্রীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com