বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পর্যটক ফি অর্ধেক করল ভুটান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ১১:৪৬ pm
  • ৪ Time View

করোনা বিধিনিষেধ প্রত্যাহারের এক বছর পরেও পর্যটন খাতকে পুরোপুরি সচল করতে পারেনি ভুটান। এবার এ খাত পুনরুদ্ধারের জন্য পর্যটকদের প্রতিদিনের ফি অর্ধেক করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

শনিবার (২৬ আগস্ট) ভুটান সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, পর্যটকদের প্রতিদিনের পর্যটন ফি ২০০ ডলার থেকে কমিয়ে ১০০ ডলার নির্ধারণ করেছে ভুটান। যা চলতি বছরের সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। নির্ধারিত নতুন ফি আগামী চার বছর পর্যন্ত বহাল থাকবে।

এর আগে ভুটানে পর্যটকদের জন্য দৈনিক ফি ছিল ৬৫ ডলার। তবে দুই বছরের করোনা বিধিনিষেধ শেষে গত বছরের সেপ্টেম্বরে বিদেশি পর্যটকদের কাছ থেকে নেয়া সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি (এসডিএফ) বাড়িয়ে ২০০ ডলার নির্ধারণ করেছিল ভুটান।

বিবৃতিতে ভুটান সরকার জানায়, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন ও দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পর্যটন খাতের জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ভুটানের পর্যটন বিভাগের মহাপরিচালক দর্জি ধ্রাধুল বলেন, ফি অর্ধেক করায় চলতি বছরের সেপ্টেম্বর-ডিসেম্বর পর্যটন সময়কালে পর্যটক সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেসময় ভুটানে অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি পর্যটক ভুটান ভ্রমণ করেছেন। তবে এদের মধ্যে প্রায় ৪২ হাজারই ভারতীয় নাগরিক; যাদের প্রতিদিন ১ হাজার ২৯৯ ভারতীয় রুপি (১৪ দশমিক ৫ ডলার) ফি দিতে হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে ভুটানের পর্যটন খাতে প্রায় ৫০ হাজার মানুষ কর্মরত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com