শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত খুব দ্রুতই হবে

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১১:৩৩ pm
  • ৩ Time View

স্বরাষ্ট্র উপদষ্টো লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হবে কি না তা এখনই বলা যাচ্ছে না। তবে পুনঃতদন্ত অবশ্যই হবে এবং তা দ্রুতই হবে। সোমবার (৪ নভেম্বর) পিলখানায় বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদষ্টো জাহাঙ্গীর আলম েেচৗধুরী বলেন, ক্রিমিনালকে (অপরাধী) কোনো অবস্থায়ই ছাড় দেওয়া যাবে না। সে যত প্রতাপশালী হোক না কেন। আগে অনেক সময় অনেক প্রতাপশালী অপরাধী ছাড় পেয়ে যেত। সেটা আর হতে দেওয়া যাবে না। তিনি বলেন, সরকার পরিবর্তনের প্রেক্ষাপট ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে একটু উন্নতি হয়েছে। কিন্তু আরও উন্নতি হওয়া দরকার। খুব একটা সন্তোষজনক পর্যায়ে যে এসেছে, তা নয়। পরিস্থিতির উন্নতিতে সময় চেয়ে তিনি বলেন, আপনারা জানেন ঢাকার প্রায় সব পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। নতুনদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতেও সময় লাগবে। বিজিবিতেও অনেক পরিবর্তন করা হয়েছে। এজন্য একটু সময় লাগছে। তবে পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। সামনের দিকে আরও উন্নতি হবে।

রমনা থানার ৫০ গজের মধ্যে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদষ্টো বলেন, এ মুহূর্তে এটা আমি জানি না। এজন্য উত্তরটা আমি দিতে পারব না। আমি দেখব। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অবস্থান সম্পর্কে তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ নিষেধ। কিন্তু মানবিক একটা দিক রয়েছে। ওই অঞ্চলে সারাদিনই গোলাগুলি হচ্ছে। যারা আসে তাদের আবার পাঠিয়ে দেওয়া হয়। খুব একটা বেশি রোহিঙ্গা ঢুকতে পারে না। এখানে ১২ লাখ রোহিঙ্গা আছে, যা ১৩ লাখের মতো হয়ে গেছে। তবুও কিছু ঢুকছে তা আমিও অস্বীকার করি না।

এর আগে সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদষ্টো। বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সীমান্তে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রাখতে হবে। জাতীয় স্বার্থ বজায় রেখে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিতে হবে। আইন ও ম্যান্ডেট অনুযায়ী কাজ করতে হবে। বিজিবি সদস্যদের পারফরম্যান্স আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এখন সাধারণ জনগণ বিজিবির কর্মকাণ্ডে খুশি। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিজিবির প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদষ্টো বলেন, একটি সুশৃঙ্খল ও প্রশিক্ষিত বাহিনীর সদস্য হিসাবে তাদের চেইন অব কমান্ড মেনে কাজ করতে হবে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার বেআইনি আদেশ মানা যাবে না। তিনি আরও বলেন, আদেশের ক্ষেত্রে তা বৈধ ও আইনসঙ্গত কিনা তা বিবেক-বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে। এ সময় বিজিবি সদস্যদের নবোদ্যমে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com