বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ফেরানো গেল না কাওসার আহমেদ চৌধুরীকে

নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ২:০০ am
  • ২ Time View

‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ এমন আবেগময়ী গান লিখেছিলেন যিনি সেই কালজয়ী গীতিকার কাওসার আহমদ চৌধুরীকে ফেরানো গেল না। করোনাভাইরাস আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলে গেলেন না ফেরার দেশে।

রাত যার কাছে ছিল কবিতা পড়ার নির্জন প্রহর সেই রাতেই তাঁর জীবনাবসান হলো। মঙ্গলবার (২২ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে প্রতীক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ প্রভৃতি কালজয়ী গানের গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

কাওসার আহমেদ চৌধুরী জ্যোতিষী হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন। তিনি সংবাদপত্রে নিয়মিত রাশিফল লিখতেন। এছাড়াও তিনি টেলিভিশনের অনুষ্ঠান নির্মাতা। বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। বিজ্ঞাপন চিত্রও নির্মাণ করেছেন।

জানা যায়, কাওসার আহমেদ চৌধুরী অনেকদিন ধরেই কিডনি, প্রেশার ও স্নায়ুজনিত জটিলতায় ভুগছিলেন। দুইবার স্ট্রোকের শিকার হন। গত ৯ ফেব্রুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরদিন তাকে ধানমন্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয়। এর মধ্যে তিনি করোনাভাইরাস আক্রান্ত হন। এক পর্যায়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে তার রক্তে হিমোগ্লোবিন মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে রক্ত সরবরাহ করা হয়।

নন্দিত গীতিকবি কাওসার আহমেদ চৌধুরীর লেখা গান গেয়েছে ব্যান্ডদল ফিডব্যাক, এলআরবি, মাইলস, লাকি আখন্দ, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সামিনা চৌধুরী মতো স্বনামধন্য শিল্পীরা। তাঁর লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে আরও রয়েছে— ‘আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়’, ‘এক ঝাঁক প্রজাপতি ছিলাম আমরা’, ‘এলোমেলো বাতাসে’ ফিডব্যাক ব্যান্ডের ‘মৌসুমি কারে ভালোবাসো তুমি’ ও এলআরবি’র ‘রুপালি গিটার ফেলে’ প্রভৃতি।

কাওসার আহমেদ চৌধুরীর মর‌দেহ রাতে মোহাম্মদপুর আল মারকাজুলে গোসল শে‌ষে ধানমন্ডির ৯/এ সড়কের ৯৯ নম্বর বাসায় রাখা হয়ে‌ছে। বুধবার সকাল ৯টায় ধানমন্ডি ১২/এ নম্বর সড়কের তাকওয়া মসজিদে জানাজা অনু‌ষ্ঠিত হ‌বে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে৷ কাওসার আহমেদ চৌধুরীর একমাত্র পুত্র আহমেদ শাফি চৌধুরী প্রতীক এ তথ্য জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com