পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ গুলোতে কেউ যেন দুর্নীতি করতে না পারে, এজন্য আমরা পাহারাদারের ভূমিকা পালন করছি। তিনি বলেন, সরকার সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের প্রকল্পগুলো বাস্তবায়ন কাজ করব।
মন্ত্রী আরও বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ আজকে পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এ অঞ্চলের মানুষদের ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।
মন্ত্রী বলেন, খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ এ কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সুতরাং এসব প্রকল্পগুলোতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সেজন্য সরকার সর্তক অবস্থানে রয়েছে। এবং আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এ কাজগুলো বাস্তবায়ন করবো।
তিনি আরও বলেন, ‘হাওরের ফসল রক্ষায় বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পটি পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতি মুক্ত হয় সে দিকে সরকার সবচেয়ে বেশি নজরদারি রাখবে।
এসময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনা, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো.কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ।