শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

‘বিগত তিনটি সংসদ নির্বাচন বিতর্কিত ছিল’

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৪২ pm
  • ৫ Time View

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিগত তিনটি সংসদ নির্বাচন বিতর্কিত ছিল। সেই সময়ে নির্বাচন কমিশনার হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, তারা সংবিধান অনুযায়ী তাদের নিরপেক্ষতার শপথ ভঙ্গ করেছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েছে উল্লেখ করে ড. বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এই নির্বাচনী ব্যবস্থাকে কীভাবে সংস্কারের মাধ্যমে কার্যকর করা যায় সে উদ্দেশ্যে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। দায়িত্ব অনুযায়ী সকল অংশীজনের মতামত গ্রহণ করে আমরা এ বিষয়ে প্রতিবেদন জমা দেব।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, কীভাবে নির্বাচন কমিশন গঠিত হলে এটি স্বাধীন ও কার্যকরভাবে তার দায়িত্ব পালনে সক্ষম হবে, সে বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে। একইসঙ্গে নির্বাচনী অপরাধের সুযোগ বন্ধ এবং নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে পদ্ধতিগত অসংগতি থাকলে সেগুলোর পরিবর্তন করা আবশ্যক।

বিদ্যমান ভোটার তালিকায় কিছু অসংগতি রয়েছে জানিয়ে বদিউল আলম বলেন, জনসংখ্যার বিবেচনায় ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা কমে গেছে। তালিকা সঠিক না হলে নির্বাচন ব্যাহত হবে। ভোটার তালিকা সংশোধন, জনগণের অভিযোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ, নির্বাচনী আচরণবিধির প্রয়োজনীয় সংশোধন, নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে করণীয় বিষয়ে সবার পরামর্শ ও মতামত জানা একান্তভাবে দরকার।

মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন, সদস্য সাদিক আরমান, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, আইন বিভাগ (লেজিসলেটিভ) ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেএমপির উপপুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এম এম শাকিলুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com