বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মিজানুর চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালীকরণ, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা পরিষদগুলোর কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতেই এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের বাসিন্দা। তিনি তাঁর রাজনৈতিক জীবনে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে তিনি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলীয় শৃঙ্খলা ও বৃহত্তর স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তা প্রত্যাহার করে নেন।

প্রসঙ্গত, স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কার ও প্রশাসনিক স্থবিরতা কাটানোর অংশ হিসেবে রোববার দেশের ৪২টি জেলা পরিষদে একযোগে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com