বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এই ট্রাস্টি বোর্ডে চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় কর্তৃক গত ২৭ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারা এর উপ-ধারা-১ অনুযায়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর ‘ট্রাস্টি বোর্ড’ পুনর্গঠন করা হয়েছে।
বোর্ডের অন্য সদস্যরা হলেন, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শাকিলুজ্জামান জানিয়েছেন, পুনর্গঠিত এই ট্রাস্টি বোর্ড ট্রাস্টের সার্বিক কার্যক্রম পরিচালনা, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, ট্রাস্ট ও আইনের উদ্দেশ্য পূরণে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনাবলি অনুসরণপূর্বক যাবতীয় কার্যক্রম সম্পাদন করবে। নতুন ট্রাস্টি বোর্ড গঠনের মাধ্যমে ট্রাস্টের অধীনস্থ উন্নয়নমূলক ও কল্যাণমুখী কার্যক্রমগুলো আরও গতিশীল ও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।