বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৬ pm
  • ১ Time View

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে আহতদের মধ্যে থেকে আরও চারজনের মৃত্যু হয়েছে।

আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বৈরী আবহাওয়ার মধ্যে উদ্ধারকাজ চালিয়েছেন। উদ্ধারকাজে স্থানীয়রাও সহযোগিতা করছেন।

দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহণের একটি বাসের সঙ্গে ইসলাম পরিবহণের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধারকাজ পরিচালনা করেছেন। ঘটনাস্থল থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে।

গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে এদের মধ্য থেকে আরও চারজন চিকিৎসাধীন মারা গেছে।

এ নিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে রমেক হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মাহবুব মোর্শেদ জানান, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com