বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সংগীত জগতের কিংবদন্তী লতা মঙ্গেশকর আর নেই

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ৫:০৮ pm
  • ৪ Time View

লতা মঙ্গেশকর আর নেই। বয়স হয়েছিল ৯২ বছর। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। তবে শনিবার (৫ ফেব্রুয়ারি) আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে না ফেরার দেশে পাড়ি জমান লতা মঙ্গেশকর। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১২ মিনিটে প্রয়াত হন লতা মঙ্গেশকর।

এ কিংবদন্তী শিল্পীর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার এন সান্থানাম। কোভিড-পরবর্তী জটিলতায় মৃত্যু হলো লতা মঙ্গেশকরের, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিল্পীর মরদেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজন করছে হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে লতা মঙ্গেশকরকে।

জানুয়ারি মাসের শুরু থেকেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন বর্ষীয়ান গায়িকা, থামল তার ২৯ দিনের লড়াই। করোনা ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। করোনামুক্ত হলেও শনিবার তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। ফের ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল তবুও শেষরক্ষা হলো না! শনিবারই লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে ছুটে এসেছিলেন বোন আশা ভোঁসলে, পৌঁছেছিলেন নাতনি শ্রদ্ধা কাপুরও।

১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা। সঙ্গীত জগতের অবিসংবাদী সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন এই প্রবাদপ্রতিম শিল্পী। ১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। লতার সুরেলা কন্ঠের জাদুতে বুঁদ থেকেছে প্রজন্মের পর প্রজন্ম।

সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ত্রিশ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি। ২০০১ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারত রত্নে ভূষিত করা হয়। এর আগে ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’-এর মতো নাগরিক সম্মানও দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে। চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে দ্বারাও সম্মানিত হয়েছেন তিনি।

ফিল্মফেয়ার বেস্ট ফিমেল প্লে-ব্যাক জিতেছেন চারবার, দুটি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। এ ছাড়াও ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারেও সম্মানিত হয়েছেন লতা মঙ্গেশকর। প্রথম ভারতীয় যিনি লন্ডনের রয়্যাল আলবার্ট হলে পারফর্ম করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com