বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিলেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয় কর্মশালা

সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১১:৩৭ pm
  • ৪ Time View

সিলেটে ‘হাইপারটেনশন কন্ট্রোল ইন বাংলাদেশ’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মার্চ) সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্সে হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মো. রূহুল কুদ্দুস, সিলেট জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর।

এ সাংবাদিক কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রাম ম্যানেজার ডা. শামীম জুবায়ের এবং প্রজ্ঞা’র উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সাংবাদিকগণ।

কর্মশালায় জানানো হয়,সিলেট জেলার ৮টি কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ দেয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে এই সেবা দেশব্যাপী ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে কমিউনিটি ক্লিনিকের ওষুধ তালিকায় উচ্চ রক্তচাপের ঔষধ অন্তর্ভুক্ত করতে এবং উপজেলা পর্যায়ে ঔষধ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে এ খাতে সরকারের বাজেট বরাদ্দ বাড়াতে হবে।

কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় আরও জানানো হয়, বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮ এর তথ্য অনুযায়ী দেশে প্রতি ৫ জনের মধ্যে ১ জন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগে আক্রান্ত হওয়া এবং মৃত্যু ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনসিডি কর্নার থেকে উচ্চ রক্তচাপের রোগীদের একমাসের ঔষধ প্রদান করা হয়। এক্ষেত্রে রোগীদের দুই থেকে তিন মাসের ওষুধ একবারে দেয়ার জন্য প্রেসক্রিপশন করা হলে হাসপাতালে রোগীর চাপ কমানো সম্ভব হবে।

সম্প্রতি সিলেট জেলার গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ এবং বিয়ানীবাজার উপজেলার ৮টি কমিউনিটি ক্লিনিকে রোগীদের ঔষধ প্রদান বিষয়ে একটি সমীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। সকল কমিউনিটি ক্লিনিকে রক্তচাপ পরিমাপের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে সেবা প্রদানের জন্য স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হলে উচ্চ রক্তচাপের প্রকোপ কাঙ্খিত মাত্রায় কমবে। এ মডেলটি সারা দেশে বাস্তবায়ন করা সম্ভব হলে স্বল্প ব্যয়ে অসংখ্য জীবন বাঁচানোসহ হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব হবে বলে কর্মশালায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com