পবিত্র মাহে রমজান উপলক্ষে আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ পরিচালিত মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ, ২৬ রমজান) দুপুরে আল-আকসা কিন্ডার গার্টেন ক্যাম্পাসে কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির কেন্দ্র পরিচালক মাওলানা মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে ও ক্বারী মুখতার আহমদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ বোর্ডের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন, জামিয়া তেঘরিয়া প্রিন্সিপাল মাওলানা মুফতি বদরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষক মাওলানা আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের শুদ্ধ তিলাওয়াত শিক্ষা এবং কিরাআতের চর্চা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কুরআনের সঠিক তিলাওয়াত শেখার মাধ্যমে একজন মুসলমান তার ঈমানকে দৃঢ় করতে পারে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম তরুণ প্রজন্মকে কুরআনের সাথে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে কুরআনের শুদ্ধ তিলাওয়াতের প্রতি আগ্রহী করে তুলতে আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিত অতিথিরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আল-আকসা কিন্ডারগার্টেনের পরিচালক মাওলানা জহিরুল ইসলাম, তানযীমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ হাসান মাহমুদ, অভিভাবক অ্যাডভোকেট মাহবুব হাসান শাহীন, অ্যাডভোকেট কামরুজ্জামান, অ্যাডভোকেট জামাল উদ্দিন, আব্দুল ওয়াহাব প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।