হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন। রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় হাওর বাচাও আন্দোলনের সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা হাওর বাচাঁও আন্দোলনের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধের প্রি ওয়ার্ক, পোস্ট ওয়ার্কে দুর্নীতি, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, অক্ষত প্রকল্পে বিপুল বরাদ্দ প্রদান, জেলা প্রশাসন ও পাউবোর স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ তদন্তর্পর্বক নিতে হবে। মানববন্ধনে হাওর বাঁচাও আন্দোলনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপজেলাভিত্তিক ফসল রক্ষা বাঁধের কাজের দুর্নীতির সরেজমিন চিত্র তুলে ধরেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সংগঠনের নেতৃকর্মীরা।