সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পেয়েছে ৮১ জন। সুনামগঞ্জে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি থেকে ২০২৫ সালে ৯৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। রোববার (১২ জুলাই) দুপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলে ৪১ জন এবং সাধারণ গ্রেডে ৪০ জন বৃত্তি অর্জন করেছে। ফলে বিদ্যালয়ের মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জন। বৃত্তি অর্জনের হার প্রায় ৮৬.১৭ শতাংশ। যা অত্যন্ত গৌরবজনক অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা য়ায়, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নিবিড় তত্ত্বাবধান, শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। সারা বছর শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের একাডেমিক কার্যক্রম, মূল্যায়ন ও বিশেষ প্রস্তুতিমূলক পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শ্রেণি শিক্ষক (প্রভাতি) শামস উদ্দিন জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহাকরি প্রধান শিক্ষক (প্রভাতি ও দিবা) সহকারি শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সবাই বৃত্তি অর্জনকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই সাফল্য শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আগামী দিনেও সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মান্নান জানান সুনামগঞ্জের শিক্ষা অঙ্গনে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের এই কৃতিত্ব নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে বিদ্যালয়টির ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) এ.কে আজাদ জানান, আমাদের শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল এটি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।
বিদ্যালয়ের এ সাফল্যে অভিভাবকবৃন্দ শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।