বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করবো: স্বাস্থ্যমন্ত্রী

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ১২:২১ am
  • ৪ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি চিকিৎসকেরও মন্ত্রী, রোগীদেরও মন্ত্রী। দুজনের সুরক্ষা নিশ্চিত করার একমাত্র পন্থা হল স্বাস্থ্য সুরক্ষা আইন। মন্ত্রী হবার পরে আমি এই বিষয়ে চারটি সভা করেছি। আমি কথা দিচ্ছি, যেভাবেই হউক স্বাস্থ্য সুরক্ষা আইন জাতীয় সংসদে পাশ করবো।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কুমিল্লা মেডিকেল কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে সভায় চাঁদপুর, নোয়াখালী ও কুমিল্লা মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমি সবসময় একটি কথায় বলে এসেছি, প্রান্তিক এলাকায় জরুরি স্বাস্থ্য সেবা বা অন্যান্য স্বাস্থ্য সেবা উন্নত হলে সারা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত হলে শহরের ওপর চাপ কমবে। আমি নিজেই প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছি। আমি সব জানি। তাই, প্রান্তিক এলাকায় জরুরি স্বাস্থ্য সেবা ও সকল প্রকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব।

মতবিনিময় সভায় কুমিল্লায় একটি বিশেষায়িত হাসপাতালের প্রয়োজনীয়তা প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী মিলে প্রায়ই আড়াই কোটি লোক এখানে বাস করে। প্রতিদিন ক্যানসার আমার কাছে সাহায্য নিতে আসে। কটা দিনও বাদ যায় না। সমাজ কল্যাণ থেকে আমরা ৫০ হাজার টাকা দিই। প্রতিবছর ৫০ লাখ টাকা আমি দিই এলাকার দরিদ্র ক্যানসার রোগীদের জন্য। মাননীয় মন্ত্রী আপনি একটা ক্যানসার হাসপাতাল নির্মাণ করলে এই দরিদ্র রোগীগুলো বেঁচে যাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর এই দুইদিনের কুমিল্লা সফরে তিনি চান্দিনায় পুনঃনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন এবং ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন, কুমিল্লা সদর হাসপাতাল ও ৩১ শয্যা বিশিষ্ট বুড়িচং হাসপাতাল পরিদর্শন এবং শেষে কুমিল্লা মেডিকেল কলেজে বার্ন ইউনিটের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট(আইসিইউ) উদ্বোধন করে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় উত্থাপিত দাবিগুলোর প্রয়োজনীয়তা প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, আমাকে কিছু দাবির কথা বলা হয়েছে। একটা ক্যানসার হাসপাতালের দরকার আমি বুঝি। মাননীয় সংসদ সদস্যকে আমি অনুরোধ করবো। এই বিষয়ে আমাকে একটা ডিও লেটার দিন। তারপর আমি এটা নিয়ে কাজ করবো। অদূর ভবিষ্যতে আমি এখানে একটা ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করবো।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র ডা. তাহসিন বাহার সূচনা, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. টিটো মিঞা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com